৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

সিটি করপোরেশনগুলোর আইনি ও আর্থিক অসংগতি দূর করা হবে: মন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২৪, ০১:২১ পূর্বাহ্ণ
সিটি করপোরেশনগুলোর আইনি ও আর্থিক অসংগতি দূর করা হবে: মন্ত্রী

স্টাফ রিপোর্টার :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের সিটি করপোরেশনগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করতে এবং এগুলোর আইনগত অসংগতি দূর করতে কার্যকর পদক্ষেপ ও উদ্যোগ নেওয়া হবে, যাতে প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে জনগণকে সেবা দিতে পারে। গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সিটি করপোরেশনের মেয়রদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম। নাগরিক সেবা প্রদানে সিটি করপোরেশনগুলোর সমস্যা শুনে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কাজ করতে গেলে নানা সমস্যা ও প্রতিবন্ধকতা আসবেই, সে সমস্ত সমস্যাগুলোকে সমাধান করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, সিটি করপোরেশনের মেয়ররা মন্ত্রণালয় থেকে কোনো প্রকার অসহযোগিতা পেলে সেক্ষেত্রে সব বাধা দূর করা হবে। সিটি করপোরেশনভুক্ত এলাকায় অন্যান্য মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের তথ্য আগে থেকে সিটি করপোরেশন জানলে সমন্বয়টা ভালো হয় এবং সবাই তাদের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে। মো. তাজুল ইসলাম বলেন, সেবা প্রাপ্তির ক্ষেত্রে সমন্বয়ের অভাবে যাতে ভোগান্তি সৃষ্টি না হয়, সেজন্য সমন্বয়হীনতা দূর করে নির্বিঘ্নে সেবা প্রাপ্তির পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। এতে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুন, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভী, সিলেট সিটি মেয়র মো. আনোয়ারুজ্জামান, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, রংপুর সিটি মেয়র মো. মোস্তাাফিজার রহমান (মোস্তফা), বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, কুমিল্লা সিটির ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল-আমিন। সভা শেষে মন্ত্রী বলেন, আজকের সভায় যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো সমাধানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে এবং সমাধানযোগ্য সমস্যাগুলো নিয়ে খুব দ্রুতই কাজ করা হবে। দেশের বিভিন্ন সিটি করপোরেশনের মেয়ররা সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান স্থানীয় সরকারমন্ত্রী। সোমবার বিকেলে বেলারুশের উপপররাষ্ট্রমন্ত্রী ইভগেনি শেষটাকভের নেতৃত্বে এক প্রতিনিধিদল স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের দপ্তরে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বেলারুশের উপপররাষ্ট্রমন্ত্রী এ সময় জানান, কৃষি ক্ষেত্রে উচ্চশিক্ষায় বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের নিতে আগ্রহী তার দেশ। আয়তনের তুলনায় বেলারুশের জনসংখ্যা কম থাকায় বেলারুশের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, দুধ ও দুগ্ধজাত পণ্য বেলারুশ থেকে আমদানি করার বিষয়ে প্রস্তাব রাখেন তিনি। স্থানীয় সরকারমন্ত্রী এ সময় সাতটি সিটি করপোরেশন ও ৩৭ জেলার পৌরসভার জন্য বিভিন্ন যন্ত্রপাতি কেনার জন্য একটি প্রকল্পে বেলারুশের বিনিয়োগ চূড়ান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।