১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ঢাকার দক্ষিণখান থানা যুবলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. আলী জাকেরের বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের অভিযোগ, আওয়ামী নেতৃবৃন্দের নিন্দা

admin
প্রকাশিত আগস্ট ৭, ২০২৪, ০৭:০৫ অপরাহ্ণ
ঢাকার দক্ষিণখান থানা যুবলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. আলী জাকেরের বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের অভিযোগ, আওয়ামী নেতৃবৃন্দের নিন্দা

নিজস্ব প্রতিবেদক :: গতকাল (৬ আগস্ট) দুপুর আনুমানিক ১২টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের দক্ষিণখান এলাকার বাসা নং-৯৩, আশকোনা পূর্বপাড়া-এ অবস্থিত দক্ষিণখান থানা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আলী জাকেরের বাড়িতে একদল দুর্বৃত্ত জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর ও তছনছ চালায় বলে অভিযোগ করেছে তার পরিবার।
পরিবারের অভিযোগ অনুযায়ী, ঘটনাকালে মোঃ আলী জাকের বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে তার মা সৈয়দা আমিরুন নাহার এবং বড় বোন জেসমিন আক্তার বাড়িতে ছিলেন। মোঃ আলী জাকেরের মা সৈয়দা আমিরুন নাহার বলেন, দুপুর আনুমানিক ১২টার দিকে ১০-১৫ জন অপরিচিত ব্যক্তি জোরপূর্বক আমাদের বাড়িতে প্রবেশ করে। তারা আমার ছেলে কোথায় আছে তা জানতে চায়। আমি আমার ছেলের নিরাপত্তার কথা বিবেচনা করে তার বর্তমান অবস্থান বা ঠিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানাই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আওয়ামীলীগ বিরোধী স্লোগান দিতে থাকে এবং ঘরের আলমারি, আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে।
ঘটনার পর আমরা দেখতে পাই, ঘরের কিছু মালামালও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিবেশী নুরনবী জানান, চিৎকার শুনে আমি দ্রুত মোঃ আলী জাকেরের বাড়ির সামনে যাই। সেখানে কয়েকজন ব্যক্তিকে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যেতে দেখি। তাদের মধ্যে কয়েকজনকে আমি স্থানীয় বিএনপি ও জামায়াতের কর্মী হিসেবে আগে থেকেই চিনতাম। তাদের কয়েকজনের হাতে লাঠিসোঁটা ছিল। তারা চলে যাওয়ার পর ঘরের ভেতরে গিয়ে দেখি আলমারি খোলা, বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং ঘর তছনছ অবস্থায় পড়ে আছে। পরে মোঃ আলী জাকেরের মা সৈয়দা আমিরুন নাহার ও তাঁর বড় বোন জেসমিন আক্তারের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারি।
পরিবারের অভিযোগ, হামলাকারীরা বাড়িতে ভাঙচুর ও তছনছ চালানোর পাশাপাশি কিছু মালামাল নিয়ে যায়। তবে অভিযুক্ত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং শেষ খবর পাওয়া পর্যন্ত কী কী মালামাল নিয়ে যাওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
ঘটনার পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এর নিন্দা ও প্রতিবাদ জানান।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এবং সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, একটি স্বাধীন দেশে কোনো ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও তছনছের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
এছাড়া দক্ষিণখান থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান মিঠু, দক্ষিণখান থানা যুবলীগের সভাপতি কামরুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুল, ঢাকা জেলা আইনজীবী সমিতির পিপি অ্যাডভোকেট মোঃ আবদুল্লাহ আবু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন এবং যুগ্ম সম্পাদক মোঃ রাজু প্রমুখ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।