২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গোয়াইনঘাটে ২ পিকআপ ভর্তি ভারতীয় জিরা জব্দ, অধরা মূল হোতা কালা ও নুরু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
গোয়াইনঘাটে ২ পিকআপ ভর্তি ভারতীয় জিরা জব্দ, অধরা মূল হোতা কালা ও নুরু

Oplus_16908288

সিলেট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় জিরার চালান ও পরিবহনকাজে ব্যবহৃত দুটি ডিআই পিকআপ জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। তবে এ ঘটনার মূল হোতা চিহ্নিত দুই চোরাকারবারি অধরাই রয়ে গেছে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার হাতিরপড়া এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। সেখানে তল্লাশি চালিয়ে দুটি ডিআই পিকআপ ভর্তি ভারতীয় সীমান্ত অতিক্রম করে আসা অবৈধ জিরার বিশাল চালানটি জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত এই চোরাই চালানের প্রকৃত মালিক গোয়াইনঘাট উপজেলার হাতিরখাল গ্রামের শামসুদ্দিন কালা (ওরফে শ্যাম কালা) এবং হাদারপাড় গ্রামের নুরুজ্জামান নুরু। মালামাল ও গাড়ি জব্দ করা সম্ভব হলেও অভিযানের বিষয়টি টের পেয়ে চতুর এই দুই চোরাকারবারি ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে ৪৮ বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িত শামসুদ্দিন কালা ও নুরুজ্জামান নুরুকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।