২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে প্রবাসী নারীকে বাসা ছাড়ার হুমকি : পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জিডি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৭:১৬ অপরাহ্ণ
সিলেটে প্রবাসী নারীকে বাসা ছাড়ার হুমকি : পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জিডি

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের শাহপরান (রহ:) থানায় এক পুলিশ কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে হয়রানি, হুমকি ও অশালীন আচরণের অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন একজন প্রবাসী নারী। ভুক্তভোগী নারীর নাম শারমিন সুলতানা (৩৮)। বুধবার (২৩ সেপ্টেম্বর) শাহপরান (রহ:) থানায় জিডিটি দায়ের করা হয়, যার জিডি নম্বর ১১৪৯।

জিডি সূত্রে জানা যায়, শারমিন সুলতানা একজন আইনমান্যকারী শান্তিপ্রিয় প্রবাসী নাগরিক। তিনি সিলেট মহানগরের শাহপরান থানাধীন উত্তর বালুচরের ‘হুজাইফা মঞ্জিল’-এ স্বামী ও সন্তানসহ বসবাস করে আসছেন। অভিযোগ অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১:১৫ মিনিটের দিকে মারফত আলী নামক এক ব্যক্তি (যিনি পেশায় পুলিশের সাব-ইনস্পেক্টর বা এসআই) শিবগঞ্জের কয়েকজন আমজনতাকে সাথে নিয়ে ভুক্তভোগীর বাসার সামনে আসেন। এসআই মারফত আলী বর্তমানে ময়মনসিংহের বালুকা থানায় কর্মরত আছেন।

সেখানে অভিযুক্ত মারফত আলী তাকে বাসা ছেড়ে দেওয়াসহ বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা বলেন এবং হুমকি-ধামকি প্রদর্শন করেন। এছাড়া বিভিন্ন ধরণের অপপ্রচার ও বানোয়াট কথা বলে সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয় বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। উক্ত ঘটনার ভিডিও দৃশ্য সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয় যে, মারফত আলীর ‘হাসনা হেনা মঞ্জিল’ নামে একটি বাণিজ্যিক ভবন শারমিন সুলতানা এর বর্তমান বাসার নিকটবর্তী বালুচরে অবস্থিত। বর্তমানে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগী প্রবাসী নারী থানায় এই সাধারণ ডায়েরিভুক্ত করেন।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় থানা পুলিশ।