গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কান্দুবস্তি এলাকায় অবৈধ বালু-পাথর উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মো. আফসার আহমদের দাবি, গত ৩ আগস্ট পিয়াইন নদীর পূর্ব তীরের বেড়িবাঁধ এলাকায় ড্রেজার দিয়ে বালু-পাথর উত্তোলনে বাধা দিলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রাহিন আহমদ, সুহান আহমদ, নজির আহমদ, নাহিদ আহমদ, আল আমিন ও রাজন নায়কসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত রাহিন আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করা হচ্ছে, যাতে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।