ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলায় ৭৭ বছর বয়সী এক বৃদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ফুলবাহার বেগম।
সূত্রে জানা যায়, ভুক্তভোগী ফুলবাহার বেগম এর প্রবাসী ছেলে খয়রুল ইসলাম দেশে থাকাকালীন সময়ে ওসমানীনগর উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় তাহার সহিত অন্যান্য রাজনৈতিক দলের আদর্শিক মতবিরোধ গড়ে ওঠে। উক্ত মতবিরোধের জেরে গত ০৬ আগস্ট ২০২৪ইং বিকেল ৫টার দিকে পূর্ব সিরাজনগর এলাকায় প্রায় ৫০-৬০ জন সন্ত্রাসী বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফুলবাহার বেগমের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা পাথর ও ইটের টুকরা নিক্ষেপ করে ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং এক লক্ষ টাকা নিয়ে যায় বলে নিশ্চিত হওয়া গেছে। ফুলবাহার বেগমের দাবি, হামলায় তার বাড়ির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। উক্ত ঘটনায় এলাকায় জনসাধারণ তীব্র নিন্দা প্রকাশ করেন। ভূক্তভোগী নিরাপত্তার জন্য ঘটনার পরের দিন (০৭ আগষ্ট) ওসমানীনগর থানায় জিডি নং-১৭৪/২০২৪, তারিখ ০৭/০৮/২০২৪ইং দায়ের করেছেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান যে, ভদ্র মহিলা একটি জিডি দাখিল করেছেন। অভিযোগের সত্যতা ও ঘটনার বিষয়ে পুলিশের তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।